নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে আইসিসির অভিযোগ...
যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তাঁর সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে শেষমেশ গ্রেপ্তারি পরোয়ানাই জারি করলেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। একই পরোয়ানা জারি করা হয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের একজন শীর্ষস্থানীয় নেতার বিরুদ্ধেও।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের আগ্রাসন চলার মধ্যে এই প্রথম আন্তর্জাতিক আদালত নেতানিয়াহু বা কোনো ইসরায়েলি কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা জারি করলেন।
আদালতের এ পরোয়ানার ফলাফল বাস্তবে দেখা যেতে পারে। গতকালের আগে নেতানিয়াহু ও গ্যালান্ট যেভাবে বিদেশে ভ্রমণ করেছেন, এখন থেকে আন্তর্জাতিক পরিমণ্ডলে এমন সফর করাটা তাঁদের জন্য কঠিন হয়ে উঠবে। কেননা, বিদেশ সফরে গিয়ে গ্রেপ্তার হতে পারেন তাঁরা।
দ্য হেগে অবস্থিত আইসিসি গতকাল বৃহস্পতিবার অনলাইনে এক সিদ্ধান্তে জানান, ইসরায়েলে গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলা এবং এর জের ধরে গাজায় দেশটির গণহত্যামূলক যুদ্ধ শুরুর ঘটনায় নেতানিয়াহু, গ্যালান্ট ও হামাসের নেতা মোহাম্মদ দেইফের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
তবে মোহাম্মদ দেইফকে গত জুলাইয়ে হত্যা করার দাবি করেছে ইসরায়েল। এ অবস্থায় তিনি আদৌ বেঁচে আছেন কি না, সেটি স্পষ্ট নয়।
যা–ই হোক, এ তিনজন এখন থেকে আন্তর্জাতিকভাবে তালিকাভুক্ত গ্রেপ্তারি পরোয়ানার আসামি বলে গণ্য হবেন এবং তাঁদের গ্রেপ্তার করতে আইসিসিভুক্ত দেশগুলোর আইনি বাধ্যবাধকতা থাকবে। গ্রেপ্তার হলে তাঁদের বিচারের মুখোমুখি করা হবে। তবে যতক্ষণ গ্রেপ্তার না হচ্ছেন, ততক্ষণ তাঁদের বিচার শুরু হচ্ছে না। কেননা, নেতানিয়াহু ও গ্যালান্টের অনুপস্থিতিতে তাঁদের বিচার করার এখতিয়ার এ আদালতের নেই।

0 মন্তব্যসমূহ