অবশেষে নিষেধাজ্ঞা মেনে আগামী বৃহস্পতিবার (২৮ নভেম্বর) থেকে কক্সবাজারের সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ চলাচল করবে। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ২ হাজারের বেশি পর্যটক যাতায়াত ও রাত্রিযাপনের নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (এডিএম) নিজাম উদ্দিন আহমেদ। তিনি বলেন, কেয়ারি সিন্দাবাদ সেন্ট মার্টিনে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন করেছিল। এর পরিপ্রেক্ষিতে সবকিছু বিবেচনা নিয়ে তাদের অনুমতি দেওয়া হয়েছে। ২৮ নভেম্বর যাত্রী নিয়ে জাহাজটি সেন্ট মার্টিন যেতে পারবে।
আদেশে পর্যটকদের সেন্ট মার্টিন ভ্রমণে যেতে কী কী নির্দেশনা মেনে চলতে হবে, তা কমিটির কর্মপরিধিতে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছেবাংলাদেশ টুরিজম বোর্ডের অ্যাপের মাধ্যমে অনুমোদিত ট্রাভেল পাসধারী পর্যটকদের ভ্রমণ নিশ্চিত করা, জাহাজে নিষিদ্ধ ঘোষিত পলিথিন এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বহন না করার বিষয়টি কার্যকর করা, পর্যটকদের ভ্রমণ নিরাপদ ও পরিবেশবান্ধব করতে জাহাজ ছাড়ার এবং দ্বীপে প্রবেশের পয়েন্টে নির্দেশনামূলক বিলবোর্ড স্থাপন করা হবে। পাশাপাশি পর্যটকেরা কোন হোটেলে অবস্থান করবেন, তার তথ্য সংরক্ষণ ও নিবন্ধন করতে হবে।
পরিপত্র অনুযায়ী নভেম্বর মাসে দ্বীপে পর্যটক গেলেও দিনেই ফিরে আসতে হবে। রাত যাপন করতে পারবেন না। ডিসেম্বর ও জানুয়ারি মাসে পর্যটকেরা সেন্ট মার্টিনে গিয়ে রাত যাপন করতে পারবেন। তবে পর্যটকের সংখ্যা দৈনিক দুই হাজারের বেশি হতে পারবে না।
এ ছাড়া দ্বীপে রাতে আলো ব্যবহার, শব্দদূষণ এবং বারবিকিউ পার্টির মতো কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। এসব বিধিনিষেধ তুলে নিতে কয়েক দিন ধরে সেন্ট মার্টিনের স্থানীয় বাসিন্দা ও পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা আন্দোলনে নেমেছিলেন।


0 মন্তব্যসমূহ