v পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Ticker

6/recent/ticker-posts

Ad Code

পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

মারধর ও হত্যার হুমকির অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মামলায় চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। একই সঙ্গে আদালতে হাজির না থাকায় পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেওয়া হয়েছে।

ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালত আজ রোববার এই আদেশ দেন। পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত বিষয়টি নিশ্চিত করেছেন।

একই মামলায় পরীমনির কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধেও অভিযোগ গঠন করেছেন আদালত এবং তাঁর বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

আইনজীবী নীলাঞ্জনা রিফাত জানিয়েছেন, নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর ও হত্যার হুমকির মামলায় আজ অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। পরীমনির পক্ষে অভিযোগ গঠনের জন্য সময় চেয়ে তিনি আবেদন করেন। তবে আদালত আবেদন নাকচ করে পরীমনির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন এবং আদালতে অনুপস্থিত থাকার কারণে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।

এর আগে, ২০২৩ সালের ১৮ এপ্রিল, নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্ত প্রতিবেদন গ্রহণ করে ঢাকার সিজেএম আদালত। আদালত তখন পরীমনিকে হাজির হওয়ার জন্য সমন জারি করেছিলেন।

২০২২ সালের ১৮ জুলাই, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে ঢাকার আদালতে নালিশি মামলা করেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। মামলায় তিনি অভিযোগ করেন, ২০২১ সালের ৮ জুন, পরীমনি ও তাঁর সহযোগীরা সাভারের বোট ক্লাবে প্রবেশ করেন এবং ওয়াশরুম ব্যবহার করার পর ক্লাবের ভেতরে বসে অ্যালকোহল পান করেন। 

রাত ১টা ১৫ মিনিটের দিকে ক্লাব ত্যাগ করার সময়, পরীমনি একটি ব্লু লেবেল অ্যালকোহলের বোতল বিনা মূল্যে দাবি করেন। এতে রাজি না হওয়ায়, পরীমনি গালমন্দ করেন এবং একটি গ্লাস ছুড়ে মারেন, যা নাসিরের মাথা ও বুকে লাগে।

মামলার তদন্ত শেষে, গত বছরের এপ্রিলে পিবিআই পরীমনি ও তাঁর কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে প্রতিবেদন জমা দেয়। পিবিআইয়ের তদন্তে, নাসিরকে মারধর ও পরীমনির ছোড়া গ্লাসে আঘাতের সত্যতা পাওয়া যায়।

অন্যদিকে, ২০২১ সালের ৮ জুন, সাভারের বিরুলিয়ায় ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ এনে পরীমনি নাসিরসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি বর্তমানে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।

এছাড়া, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ বিচার চলছে এবং মামলাটি এখন সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ