গুঞ্জনটা দিন দিন তীব্র হচ্ছে। শোনা যাচ্ছে, হলিউড অভিনেত্রী জেনিফার অ্যানিস্টনের সঙ্গে প্রেম করছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আর এই সম্পর্ক নাকি মিশেল ওবামা ও বারাকের দীর্ঘ বিবাহিত জীবনের শান্তি বিঘ্নিত করছে। যদিও জেনিফার এসব কথা উড়িয়ে দিয়েছেন, তবুও নেট দুনিয়ায় এই প্রেম কাহিনি নিয়ে চলছে তুমুল আলোচনা।
বিতর্কের সূত্রপাত হয়েছিল গত বছর একটি ট্যাবলয়েডের প্রতিবেদন থেকে। প্রতিবেদনটির শিরোনাম ছিল, "দ্য ট্রুথ অ্যাবাউট জেন অ্যান্ড বারাক"। এরপর থেকেই গুঞ্জন ছড়ায়, বারাক ও মিশেলের সম্পর্ক নাকি ভালো যাচ্ছে না। নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার মিলিয়ে নানা জল্পনা শুরু করেন। সেখান থেকেই জন্ম নেয় নতুন নতুন ‘গল্প’।
গত বছরের অক্টোবরে জেনিফার একটি লেট নাইট শোয়ে উপস্থিত হন। সেই শোয়ের একটি ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সেখানে দেখা যায়, বারাক ওবামার সঙ্গে তার নাম জড়ানোর প্রসঙ্গে হাসছেন জেনিফার। জনপ্রিয় টিভি সিরিজ *‘ফ্রেন্ডস’-এর র্যাচেল চরিত্রে অভিনয় করে কিংবদন্তি হয়ে ওঠা এই অভিনেত্রী বলেন, “এটি একটি ট্যাবলয়েডের বানানো গল্প ছাড়া আর কিছুই নয়।” জেনিফার আরও জানান, “আমি ওবামার সঙ্গে মাত্র একবার দেখা করেছি। সেটাও ২০০৭ সালের একটি হলিউড গালার অনুষ্ঠানে। আমি মিশেলকে তার থেকেও ভালোভাবে জানি।”
এদিকে, কিছু ঘটনা গুঞ্জনের আগুনে ঘি ঢেলে দিয়েছে। যেমন, সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে ওবামা উপস্থিত থাকলেও মিশেল আসেননি। এমনকি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের শেষকৃত্যেও মিশেল ছিলেন না, অথচ বারাক উপস্থিত ছিলেন এবং ট্রাম্পের সঙ্গে খোশ মেজাজে কথা বলতে দেখা গেছে।
মিশেলের অনুপস্থিতি ঘিরে আলোচনা আরও জোরালো হয়। তবে, ওবামা দম্পতির ডিভোর্স নিয়ে গুঞ্জন এখনো জল্পনার পর্যায়ে আছে। অনেকেই এখন অপেক্ষা করছেন, ভবিষ্যতে এই সম্পর্কের বিষয়ে কোনো স্পষ্ট তথ্য সামনে আসে কি না।


0 মন্তব্যসমূহ