v জাতিসংঘ মহাসচিবের নিরাপত্তায় থাকছে এসএসএফ

Ticker

6/recent/ticker-posts

Ad Code

জাতিসংঘ মহাসচিবের নিরাপত্তায় থাকছে এসএসএফ

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসছেন। আগামী ১৩ মার্চ তার আগমনের কথা রয়েছে এবং তিনি চার দিন বাংলাদেশে অবস্থান করবেন। সফরকালে তার নিরাপত্তা নিশ্চিত করবে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)। এ জন্য সরকার তাকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করেছে।

গত ৬ মার্চ প্রধান উপদেষ্টার কার্যালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, সরকার বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) আইন, ২০২১-এর ধারা ২(ক)-এর ক্ষমতাবলে জাতিসংঘ মহাসচিবকে ১৩-১৬ মার্চ পর্যন্ত ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করেছে।

আইন অনুযায়ী, বিদেশি রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান বা সরকার কর্তৃক ঘোষিত অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তা এসএসএফ নিশ্চিত করে থাকে। সেই অনুযায়ী, মহাসচিব গুতেরেসের বাংলাদেশ সফরকালে এসএসএফ তার নিরাপত্তার দায়িত্ব পালন করবে।

এর আগে, ২০১৮ সালের জুলাই মাসে জাতিসংঘ মহাসচিব গুতেরেস বাংলাদেশ সফর করেছিলেন। এটি তার দ্বিতীয় সফর।

জাতিসংঘ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, সফরের অংশ হিসেবে তিনি কক্সবাজারে একটি ইফতার অনুষ্ঠানে যোগ দেবেন এবং মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া, শরণার্থীদের সহায়তায় কাজ করা স্থানীয় বাংলাদেশি সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে।

ঢাকায় অবস্থানকালে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহম্মদ ইউনূস, তরুণ নারী ও পুরুষ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ